শেরপুরে কাঁঠাল গাছে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার লোকালয় থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

২৯ জানুয়ারি রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে মেছোবাঘটি উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা৷ এদিকে মেছোবাঘ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেটিকে দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা৷

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেন৷

পরে পুলিশ গিয়ে তাদের ও স্থানীয়দের চেষ্টায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর৷

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম বলেন, এটি গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে খাবার না পেয়ে হয়তো মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *