শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই: ফারুকী

প্রায় চার বছর সেন্সর বোর্ডের ঝুলিতে ‘নিষিদ্ধ’ হয়ে পড়ে থাকার পর অবশেষে শর্ত সাপেক্ষে মুক্তির অনুমতি মিললো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’-এর।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে এই সুখবর জানান ফিল্ম সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।

এদিকে সিনেমা মুক্তির অনুমতি পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, কেমন অনুভূতি হয়, যখন আপনি দেখেন সারা দুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেকে! এই কয়বছর তাই লাগছিল! বাইরে থেকে কি মনে হয় জানি না, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই!

নির্মাতা যোগ করেন, গত চার বছর ধরে ‘শনিবার বিকেল’ নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেকে অ-দরকারি ভাবার সঙ্গে যে অনুভূতিটা আমাকে গ্রাস করত, সেটা হল একাকীত্ব। কিন্তু এই ক’মাস ‘শনিবার বিকেল’র মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাইবোন এবং সমাজের সব স্তরের মানুষ যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে, আমি অনেকের সাথে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটির মুক্তির জন্য নেপথ্যে যে ভাইবোনেরা কাজ করেছেন, তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা।

ফারুকীর ভাষ্য, আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা হয়তো তাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি, তারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা, ‘ফারাজ’র সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

এই সুযোগে আমি আপিল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সবশেষে তিনি জানান, একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেন কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয়দিন! কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই। সবাই ভালো থাকবেন। আমি এখন একটু ঘুমাব!

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *