প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ নামের এই ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। এতে নিশোর নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। আগামী মার্চে হবে শুটিং।
জানা গেছে, প্রায় বছর খানেক হয় নাটকে অনিয়মিত নিশো। আর ছয় মাস হয় নাটকের শুটিংয়ে একেবারেই নেই। এই সময়ে নিশো ১২-থেকে ১৩ কেজির মত ওজন কমিয়েছেন। শরীর থেকে বাড়তি মেদ ঝেড়ে ফেলেছেন।
সিনেমার জন্যই কী ওজন কমানো? নিশোর সহজ উত্তর, শুধু সিনেমার জন্য নয়, ওজন কমিয়েছি নিজের জন্য, পরিবারের জন্য এবং সিনেমার জন্যও (অনেকটা মজার ছলেই উত্তর অভিনেতার)।
নাটক বন্ধ করে কি তাহলে এই ছয়মাস সিনেমার প্রস্তুতি নিয়েছেন? নিশো বলেন, ‘এমন কিছুই নয়। স্বাভাবিক জীবন যাপনই করেছি, সুড়ঙ্গের গল্পের মধ্যে প্রবেশ করে আছি, কেবল সিনেমার প্রস্তুতির জন্যই এই বিরতি তা ভাবার কিছু নেই। এই ছয়মাস অনেক কিছুই করেছি, সিনেমার প্রস্তুতি, ওটিটির কাজ নিয়ে প্রস্তুতি, ব্যক্তিগত কাজসহ নানা কাজের ব্যস্ততাই ছিল।’
সিনেমার পাশাপাশি নিশো এ বছর ওটিটির কাজে বেশ ব্যস্ত থাকবেন। ‘আ কমন ম্যান’ এবং আলোচিত সিরিজ কাইজার-এর দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’ করবেন তিনি।
