Home বিনোদন বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যা বললেন শ্রীলেখা

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যা বললেন শ্রীলেখা

0
499

বাংলাদেশের মানুষের প্রতি মুগ্ধতার শেষে নেই টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। তাঁর জন্ম ভারতে হলেও পূর্বপুরুষের ভিটা বাংলাদেশে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গতকাল প্রদর্শিত হয়েছে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’।

প্রদর্শনীর পর সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরে সাংবাদিকদের সামনে আসেন নির্মাতা শ্রীলেখা। বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের বাংলা ভাষাটা খুব সুন্দর। কলকাতায় সবাই খিচুড়ি ভাষায় কথা বলে। এখানে মানুষ বাংলাকে ভালোবেসে বাংলাকে বাঁচিয়ে রেখেছে, বাংলায় কথা বলছে। গর্বের সঙ্গে বাঙালি হয়ে বাংলায় স্বপ্ন দেখছে—এটা বিরাট ব্যাপার। আর পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই বাংলাদেশের মতো আতিথেয়তা পাওয়া যাবে না।’

বাংলাদেশের প্রশংসার পাশাপাশি একটি অনুরোধও জানিয়েছেন তিনি। শ্রীলেখা বলেন, ‘অনেকগুলো পোর্টাল আমার নামে অনেক ভুয়া খবর বের করে। না জেনে, না বুঝে চটকদার শিরোনাম করবেন না। আমি তো একটা মানুষ। আমি অনেক মজা করি, মজাটাকে মজার মতো করে নিন। তার অপব্যবহার করে দর্শককে ভুল দিকে চালিত করবেন না, এটা আমার অনুরোধ বাংলাদেশের পোর্টালের প্রতি।’

শ্রীলেখা জানান, খবরগুলো কলকাতার সাইবার ক্রাইমে দিয়েছিলেন তিনি; বিষয়টি নিয়ে এক আইনজীবীর সঙ্গেও আলোচনা করেছেন। চটকদার শিরোনামের খবরগুলোর বেশির ভাগই বাংলাদেশি পোর্টালে প্রকাশিত হয়েছে বলে দাবি করেন শ্রীলেখা।

শ্রীলেখার ভাষ্য, ‘এটা আমার খারাপ লাগার জায়গা। বাংলাদেশ নিয়ে অনেক ভালো বিষয় আছে। এটা ভালোবাসার অত্যাচার বলা যায়। এটা না করলেই হয়। আমি বাংলাদেশ সম্পর্কে ভালো স্মৃতি জমাতে চাই। আমার বাবার দেশ মানে আমার দেশ। আমার এই দেশ সম্পর্কে কেউ খারাপ বলুক, সেটা আমি পছন্দ করব না।’

তিনি বলেন, নিজ শহর কলকাতা আমার সিনেমা দেখায়নি। কিন্তু বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানিয়েছে। বাংলাদেশে এসে প্রথমবার সিনেমাটি দর্শক সারিতে বসে দেখলাম। নিজ শহরে বসে দেখতে পারলে ভালো লাগত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা জায়গা পায়নি। এর জন্য একটা আক্ষেপ রয়েছে যে, আমার শহরের মানুষদের আমার নির্মাণ দেখাতে পারিনি। এই দুঃখটা থাকবে। তবে বাংলাদেশে এসে যে ভালোবাসা পেলাম তা কখনো ভুলব না। কলকাতার মানুষ যে মর্যাদা দিতে পারেনি সেটি বাংলাদেশের মানুষ দিয়েছে। বাংলাদেশে দ্বিতীয় নির্মাণ দেখাতে পেরে আনন্দিত ও গর্বিত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এভাবেই নিজের অনুভূতি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে।

টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন; বাংলাদেশের একটি সিনেমায় কাজের বিষয়ে কথাবার্তাও চলছে বলে জানান তিনি। তবে সিনেমার নাম জানাতে চাননি শ্রীলেখা।

তিনি বলেন, আসছে ফেব্রুয়ারিতে একটি সিনেমায় কাজ করার কথা হয়েছে। এতে বাংলাদেশ থেকে ফেরদৌস আহমেদ কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here