পরীমণি-রাজের দাম্পত্য কলহের নাটকীয়তা ক্ষণে ক্ষণে রঙ বদলে এখন দুর্ভেদ্য এক রঙ ধারণ করেছে। এ রঙের নাম বা রহস্যভেদ করতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা।
বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিনেত্রী শিরীন শিলা জানিয়েছিলেন রাজ-পরীর সমস্যা মিটে গেছে। কিন্তু পরদিন বৃহস্পতিবার এক হওয়ার এই তথ্য উড়িয়ে দিয়ে পরীমণি জানান, রাজের সঙ্গে তার ঝামেলা মেটেনি। সেসময় রাজও একই সুরে কথা বলেন। এর একদিন না যেতেই ফের ভোল পাল্টালেন রাজ-পরী। রাজ জানালেন, তাদের এখন আর কোনো সমস্যা নেই। অন্যদিকে পরীমণি জানালেন, রাজ সামনে এলে তিনি সব ভুলে যান।
পরীমণি বলেন, ‘রাজ্য পৃথিবীতে আসার আগে আমার চিন্তাভাবনা একধরনের ছিল, আসার পর অন্য ধরনের। মান–অভিমান, রাগে–ক্ষোভে অনেক কিছুই হয়। বিশ্বাস করেন, যখন রাজ সামনে আসে, তখন সব ভুলে যাই। ও বাসায় ফেরার পর তেমনটিই হয়েছে। বলতে পারেন, এটি আমার দুর্বলতা। সন্তান, স্বামী নিয়ে একটা ভালোবাসার সংসার চেয়েছি আমি। দেখা যাক কী হয়।’
এ সময় সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘গত তিন দিন হলো রাজ ও আমি এক বাসায়, একসঙ্গেই আছি। তবে ভবিষ্যতে আমাদের সম্পর্কের কী হবে, তা এখনও সঠিকভাবে বলতে পারছি না,’
পরীমণি আরও বলেন, ‘ছেলে রাজ্যকে মাঝে রেখে আমি ও রাজ সুন্দর একটা জীবন চেয়েছি। কিন্তু কিছুদিন ধরে সেটার জন্য সংগ্রাম করতে হচ্ছে। রাজ বাসায় ফেরার পর তাকে সুন্দর একটা জীবন যাপনের জন্য বোঝাচ্ছি। তার কিছু অভ্যাস পরিবর্তন করার কথা বলছি। বিয়ে, বাচ্চার জন্মের পর আমিও তো আমার জীবনটাকে অনেক পরিবর্তন করেছি। সেটা আপনারা দেখেছেন। আমি পারলে সে পারবে না কেন? আমি তাকে জানপ্রাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাচ্চার কথা ভেবে হলেও ঠিকঠাকভাবে যেন সে চলে। জীবন যাপন করে। যাতে করে বাচ্চাকে নিয়ে যেন আমরা পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’
তবে স্বামীর আচরণ নিয়ে সন্দিহান পরীমণি। তিনি জানান, রাজ তার অভ্যাস পাল্টাবেন কি না তা এখনও বুঝে উঠতে পারছেন না। তবে তাকে পরিবর্তন হতেই হবে বলে মনে করেন তিনি। নইলে ভবিষ্যৎ কষ্টের হবে বলে জানান এ নায়িকা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
