পরীমণি-রাজের দাম্পত্য কলহের নাটকীয়তা ক্ষণে ক্ষণে রঙ বদলে এখন দুর্ভেদ্য এক রঙ ধারণ করেছে। এ রঙের নাম বা রহস্যভেদ করতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা।
বেশ কয়েকদিন ধরেই রাজের সঙ্গে বিচ্ছেদের সংবাদ দিচ্ছিলেন পরীমণি। কিন্তু দিনশেষে ফের মিলেও যাচ্ছিলেন তারা। তারই ধারাবাহিকতায় রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে পরীমণি তার স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। এরপর রাজও জানান, তাদের একসঙ্গে থাকা হচ্ছে না আর।
রাজ-পরীর এমন মন্তব্যে সবাই যখন ধরে নিল তাদের সংসার আর টিকছে না তখন ফের বিভ্রান্ত করলেল এ দম্পতি। গতকাল বুধবার দিবাগত রাতে ঢালিউড অভিনেত্রী শিরীন শিলা সামাজিক মাধ্যমে রাজ-পরীর অভিমান ভুলে ফের এক হওয়ার খবর দেন। এ খবর প্রকাশের একদিন না যেতেই পরীমণি জানালেন, অভিমান ভুলে রাজের সঙ্গে এক হননি তিনি।
তবে কি মান-অভিমান, রাগ-ক্ষোভ ভুলে এক হয়েছেন পরী-রাজ— এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘না।’ বলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’
এদিকে শিরীন শিলাও নিজের ফেসবুক থেকে রাজ-পরীএক হওয়ার পোস্টটি মুছে দিয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাজ-পরী-রাজ্যের সঙ্গে তার ভিডিওকলে কথোপকথনের মুহূর্তের স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
