নতুন বছরের প্রথম মাসেই (জানুয়ারি) তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে এ শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ বা তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান।
তিনি বলেন, জানুয়ারিতে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা। এ মাসে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৬৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
আজিজুর রহমান জানান, জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।





