নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীমণি। সম্প্রতি পরীমণির একটি স্ট্যাটাসে এসেছে হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের নামও। সেই স্ট্যাটাস, পরীমণির সঙ্গে নিজের সম্পর্ক এবং কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সিয়াম।
পরীমণির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সিয়াম বলেন, ‘পরীমণির সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় ভালো। কো-আর্টিস্ট হিসেবে সব সময় সাপোর্টিভ, মানুষ হিসেবে সে কো-আর্টিস্ট থেকেও ভালো।’
পরীমণির সঙ্গে তার মজার মুহূর্তের কথা স্মরণ করে সিয়াম বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের শুটিংয়ের সময় আমার জন্মদিন আসে। সে সময় করোনা চলছিল। সেই ক্রুশিয়াল সময়েও পরীমণি সবাইকে নিয়ে আমার জন্মদিনের আয়োজন করে। মাঝনদীতে কেক অ্যারেঞ্জ করাসহ যাবতীয় কিছু করে। তো ওইরকম একটা সময়ে মাঝনদীতে এসব সে জোগাড় করেছে, এটা সত্যিই অন্যরকম একটা ব্যাপার ছিল আমার কাছে। এই স্মৃতিটা আমার সব সময় মনে থাকবে।’
নায়ক হওয়ার আগেই সিয়ামকে নায়ক হওয়ার বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন পরীমণি। সেই স্মৃতি স্মরণ করে সিয়াম বলেন, ‘একটা টিভি অনুষ্ঠানে আমি হোস্ট ছিলাম, পরীমণি ছিল গেস্ট। তো আমি ব্যক্তি জীবনে যেরকম উপস্থাপনায়ও তেমন করেই করছিলাম। তখন উনি বলেছিলেন, এই তুমি তো খুব সুন্দর করে কথা বলছো, দেখতেও তো ঠিকঠাক আছো। তোমার তো নায়ক হওয়া উচিত। তখন পর্যন্ত আমার কোনো পরিকল্পনা ছিল না। তবে সেই বিষয়টা পরীমণি মনে রেখেছিল এবং বিশ্বসুন্দরীর সময় সে বলেছিল এই ছেলেকে আমি বলেছিলাম তুমি নায়ক হও, আর সে এখন আমারই নায়ক।’
পরীমণি সম্প্রতি একটি স্ট্যাটাসে স্বামী রাজকে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘সিয়ামকে কখনো কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
এ বিষয়ে সিয়াম বলেন, ‘সে ফ্রেন্ডলি একটা জায়গা থেকে বলেছে কথাটা। ও যেভাবে বলেছে সেভাবে বলতে চাই না। আমরা আমাদের কো-আটিস্টদের সম্মান করি। আমাদের প্রত্যেকের একটা পারিবারিক সম্পর্ক আছে, পরিবার আছে। প্রত্যেকের প্রতি কাজের ক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্টটা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
