উন্নয়ন তো পেয়ারা না, যে পাকলেই পেড়ে ফেললাম: মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, উন্নয়ন এটা পেয়ারা পাড়ার মত কোনো জিনিস নয়, যে পেয়ারা পেকে গেছে আর পেড়ে ফেললাম।

বুধবার (২৮ ডিসেম্বর) ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে ২য় পর্যায়ে লোহাগড়া উপজেলার নোয়গ্রামে ইউনিয়নের রায়গ্রাম কলাগাছি কাঞ্চনপুর জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মাশরাফি বলেন, নড়াইল জেলার গ্রামীণ রাস্তা-ঘাট পুরোপুরি পাকা করতে দরকার অন্তত দুই হাজার কোটি টাকা। উন্নয়ন কোনো রকেট সায়েন্স নয়, বললাম করে দেব আর হয়ে গেল। কাজগুলোর জন্য সময় দিতে হয়, ধৈর্য করে চেষ্টা করতে হয়। এগুলো একটার পর একটা ধাপ অতিক্রম করে কাজগুলো আনতে হয়। মন্ত্রণালয়গুলো ঘুরে দৌড়ে কাজ আনতে হয়। আপনারা তখনই আমাকে অভিযোগ করবেন যখন দেখবেন আপনাদের জন্য চেষ্টা করছি না।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদের মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েবের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *