নানা কারণে আলোচনায় শাকিব খান ও শবনম বুবলী। কাজ, বিয়ে ও সন্তান প্রসঙ্গে বছরের বেশির ভাগ সময় আলো ধরে রেখেছেন তারা। ব্যক্তিগত এসব কারণে মন খারাপ হয়েছে ভক্তদের।
খবর ছড়িয়েছে, বিয়ের পর বিচ্ছেদও হয়ে গেছে এ দম্পতির। তবে কাজের খবর দিয়ে সেই আফসোসটা পুষিয়ে দিচ্ছেন তারা। বছর শেষে জানা গেল, নতুন বছরের শুরুতেই জুটি বেঁধে পর্দায় আসছেন দুজনে।
ঢালিউডের আলোচিত দম্পতি শাকিব ও ববুলীর নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’ আগামী জানুয়ারিতে মুক্তির প্রস্তুতি চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া সেভাবে এগোতে এগুতে চায় বলে জানা গেছে। তবে মুক্তির তারিখটি এখনো নিশ্চিত নয়।
ছবিটি পরিচালনা করেছেন তপু খান। তিনি বললেন, ‘বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এটি মুক্তি দেবে।’
জানা যায়, প্রেক্ষাগৃহ ছাড়াও এটি আরটিভির অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এদিকে গত বৃহস্পতিবার ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবিটির প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির প্রস্তুতি নেওয়া শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পাওয়ার ব্যাপারে পরিচালক তপু খান বলেন, সিনেমাটি দেখার পরে সেন্সর সদস্যরা ফোন করে এর প্রশংসা করেছেন। প্রথম সিনেমার আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের বলে মনে করি আমি।
‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব ও বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।
