মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশের বাধা পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ওই উপজেলার দইখাওয়া বাজারে প্রায় ৭/৮ শত নেতা-কর্মী এ মিছিল করেন। পরে এসময় জামায়াতের ৩ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের পুত্র আব্দুস সালাম (৪৫) ও সামসুল হকের পুত্র আবুল হোসেন (৪৫), গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮)।
সারাদেশে ১০-দফা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে হাতীবান্ধার দইখাওয়া বাজারে জামায়াতের এ ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরে সেখান থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
