আশরাফুল আলম ওরফে হিরো আলমকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন ধরণের আলোচিত ভিডিও এবং গান গেয় আলোচনায় থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেও তিনি নিজের জেলা বগুড়ায় অনেকেরই প্রিয়মুখ তিনি।
কিছুদিন আগেই বিএনপির মহাসমাবেশে দলটির সংসদ সদস্যরা পদত্যাগ করেন। ফলে বগুড়ায় দুটি আসন বগুড়া-৪ এবং বগুড়া-৬ শূণ্য হয়ে যায়। শূণ্য হওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে।
এই আসন থেকেই উপনির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন হিরো আলম। তিনি জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি। তবে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথাও জানান তিনি। এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।
এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।
পরবর্তীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।
