মেসি মেসি স্লোগানে রাস্তায় ঢোল বাজালেন মাশরাফি

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর মেসি-ডি মারিয়া-মার্টিনেজ যাদুতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। মেসিদের বিশ্বকাপ জয়ে বিজয়োল্লাসে মেতে উঠেছে বাংলাদেশের লাখো আর্জেন্টাইন সমর্থক।

প্রিয় দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশ দলের সফল সাবেক ক্রিকেট অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকে নিয়ে রাস্তায় বেরিয়ে উৎসবে মাতেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তেমনই একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অধিনায়ক।

মাশরাফির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মাথায় শীতের কাপড় বেধে রাস্তায় দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছেন মাশরাফি। তার সঙ্গে আবার মেসি মেসি স্লোগানে মেতেছে উপস্থিত দর্শকরা।

ওই পোস্টের কমেন্টে মাশরাফি লেখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ ঊদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন ঊদযাপন করতে চাই।’

এর আগে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও পোস্ট দেন মাশরাফি। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরু তো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নেই। সে থাকলে আজ কী করতো কে জানে! তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কিনা সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দ্য গ্রেটেস্ট ম্যারাডোনা।’

মাশরাফি আরও লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসিবাহিনীকে। স্পেশালি কোচ স্কালোনিসহ পুরো কোচিং স্টাফকে। সেই সাথে অভিনন্দন বাংলাদেশসহ পৃথিবীর লক্ষ লক্ষ আর্জেন্টিনা সমর্থকদের, যারা হাজারো কটুক্তি আর কথা হজম করে, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলো। আজ তোমাদের দিন আনন্দ করার, আর অন্যদের দেখার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *