রাজনৈতিক দলগুলোই নির্বাচনী পরিবেশ তৈরি করবে- রংপুরে সিইসি

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রাজনৈতিক দলগুলোই নির্বাচনী পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করবে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সিইসি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি আরও বলেন, ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। ইভিএম এ কোনো সমস্যা নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন প্রধান এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। রংপুর সিটি নির্বাচনও শান্তিপূর্ণভাবে হবে। এই নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক থাকবে।

সিইসি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা কোনো পক্ষপাতিত্ব করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেননা নির্বাচন ভালো মন্দ প্রিজাইডিংয়ের ওপর নির্ভর করে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করে, নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবে। এটি করতে পারলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। এসময় তিনি নগরবাসীকে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এই নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন।

২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *