আর্জেন্টিনা টাকার জন্য খেলে না: স্কালোনি

১৯৮৬ সালে সবশেষ দেশটিকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। এরপর একে একে ৩৬ বছর; কিন্তু সেই সোনালী ট্রফিতে একটিবারের জন্যেও চুমু খাওয়ার সুযোগ পায়নি আর্জেন্টিনা।

চার বছর পর পর প্রতি বিশ্বকাপে শিরোপার জন্য তাদের ব্যাকুলতা থাকে চোখে পড়ার মতো। এবার খুব কাছাকাছিই আছে তারা। আজ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালেই চলে যাবে হাত ছোঁয়া দূরত্বে। তবে লিওনেল মেসিরা সেটা ছুঁতে পারবেন কি না তা সময়ই বলে দেবে।

ফেভারিট তকমা নিয়ে কাতার বিশ্বকাপে এলেও প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বসে আলবিসেলেস্তেরা। কিন্তু এরপর পেছনে তাকাতে হয়নি, স্বপ্নকে বেশ ভালোভাবেই তাড়া করছে দলটি। শুধু নিজেদের জন্য নয়, তারা খেলেছে দেশের মানুষের জন্য; সেখানে টাকার তো কোনো প্রশ্নই আসে না।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা নিয়ে কথা বলার সময় অনেকটাই আবেগী হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি। সেখানেই তিনি বলেন, ‘এই দল দেশের মানুষের জন্য খেলে, তাদের পরিবারের জন্য খেলে। তারা খেলে সম্মানের জন্য, টাকার জন্য নয় এবং আমরা জানি তারা কতটা শ্রম দিচ্ছে তাতে। খেলার জন্য কাজ ফেলে চলে আসা মানুষের ছবিগুলো দেখুন… আশা করি আমরা তাদের আনন্দ দিতে পারব।’

কথাগুলো বলতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেননি স্কালোনি।

গত রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর ২০১৯ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তখন থেকেই আর্জেন্টিনার নতুন পথচলার শুরু। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তারা বিশ্বকাপ খেলতে এসেছে। সর্বশেষ কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই দলকে নিয়ে শিরোপার প্রত্যাশা করাই যায়।

স্কালোনি আরও বলেছেন, ‘বিশ্বকাপ জেতা পারিপার্শ্বিক অনেক কিছুর ওপর নির্ভর করে। কিন্তু আমরা নিজেদের সর্বোচ্চটা উজার করে দেব। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *