Home ফিচার রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ, সড়কে নেতাকর্মীরা

রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ, সড়কে নেতাকর্মীরা

0
271

আগামীকাল সমাবেশ সামনে রেখে আজ বিকেল থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। শুক্রবার রাত নয়টার দিকে খেলার মাঠটি ভরে গেছে। এরপর রাস্তায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এর ফলে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কিছুটা উত্তরে সমাবেশস্থলের মাঠটির অবস্থান।

শুক্রবার রাতে দেখা গেছে, কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপির নেতাকর্মীরা মাঠের বিভিন্ন অংশে অবস্থান নিয়েছেন। সেখানে গ্যালারিতে দাঁড়িয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এ ছাড়া মাঠের চারপাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোতে বাতি নেই। তবে গ্যালারিতে একাধিক বাতি দেখা গেছে।

গ্যালারির ঠিক সামনে দাঁড়িয়ে কর্মীদের উজ্জীবিত করতে স্লোগান দিতে দেখা গেছে, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও নিপুণ রায় চৌধুরীকে।

পুলিশের অনুমতি পাওয়ার পর আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, শনিবার সকাল ১১টায় সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশ হবে।

এদিকে এমন খবরের পর শুক্রবার বিকেল থেকেই মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে।

নেতাকর্মীদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মাঠের ভেতর ও সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করছেন।

এদিকে গোলাপবাগ মাঠের পশ্চিম পাশে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন শ্রমিকরা। মাঠে ৪টি ফটক রয়েছে। এ ফটক দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।

এর আগে শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। তারা ওই মাঠে মঞ্চ নির্মাণ এবং মাইক বসানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করার পর সম্মতি দেয় পুলিশ। হারুন সাংবাদিকদের বলেন, ২৬ শর্তে বিএনপিকে অনুমিত দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here