মধ্যরাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ‘আটক’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করেন, শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে মির্জা আব্বাসকেও তার বাসভবন থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এমন অভিযোগ করেছেন।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যায় পুলিশ। রাত সোয়া ৩টার দিকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়।

এই রিপোর্ট লেখার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *