নেইমারকে ছাড়াই ব্রাজিল ৪-৫ গোল করার ক্ষমতা রাখে: ওমর সানী

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রাতে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গত ম্যাচে কামেরুনের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হেরে কিছুটা হলেও অস্বস্তিতে আছে সেলেসাও শিবির। তারপরও এই ম্যাচে ব্রাজিলই জিতবে বলে আশাবাদী দেশটির ঘোর সমর্থক, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘আজকের ম্যাচে আমার প্রিয় দল ব্রাজিলই জিতবে বলে বিশ্বাস করি এবং মনে প্রাণে চাই। দক্ষিণ কোরিয়ার প্রতিও আমার সম্মানবোধ আছে। দলটি আমাদের এশিয়া মহাদেশের। তারা এবারের বিশ্বকাপে খুব ভালো খেলেই এই জায়গায় এসেছে। ব্রাজিলের উচিত হবে তাদের হালকাভাবে না নেওয়া।’

ব্রাজিলের ফরোয়ার্ডরা এবারের বিশ্বকাপে হতাশ করেছে বলেও জানান এ অভিনেতা। তার কথায়, ‘বিশ্ব ফুটবলের সেরা ১৭-১৮ জন ফরোয়ার্ড ব্রাজিলের। নেইমার ইনজুরিতে। বাকিরা তো আছে। তাদের সাইড লাইনও বিশ্বসেরা। তারপরও এই দলটাকে গোল করার জন্য বেগ পেতে হচ্ছে। অতিরিক্ত স্টার-সুপারস্টার থাকায় হয়তো সমন্বয় হচ্ছে না। নেইমারকে ছাড়াই এই ব্রাজিল প্রতি ম্যাচে ৪-৫টা গোল করার ক্ষমতা রাখে। কিন্ত উল্টো তাদের গোল করার জন্য সংগ্রাম করছে। যা হতাশার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *