ব্যাংক থেকে আতঙ্কে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকেরা

আতঙ্কে গ্রাহকরা দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেছেন, ব্যাংকে টাকা নেই, এটা বলার পর সত্যিকারের একটা ইমপ্যাক্ট হয়েছিল। প্রায় ৫০ হাজার কোটি টাকা মানুষ উইথড্র করেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু তাতে বাধা দেয়নি। এখন সবাই টের পেয়েছে, আরে! এটা তো ভুল করেছি। এখন সবাই টাকা ফেরত দিতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন। এখন কিন্তু সবাই আবার ফেরত দিচ্ছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইএমএফের লোন প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, ভালো গ্রাহকদের ডেকে ডেকে ঋণ দেয় ব্যাংক। কয়েক মাস আগে আইএমএফের নিয়মিত একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তখন তারাই বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। যেহেতু ডলার নিয়ে একটা অস্থিরতা চলছে, তাই বাংলাদেশ আইএমএফের ঋণ নিতে রাজি হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। কারণ, ব্যাংক আয়করের সনদ চাচ্ছে। এসব কারণে ব্যাংকে টাকা নেই। মানুষ বালিশের নিচে টাকা রাখছে।

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *