জেমস, নাম শুনলেই একটি ছবি ভেসে ওঠে সবার মননে, ভেসে ওঠে এক রকস্টারের অবয়ব। যার গানে বহুরাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণের, যে না থাকলে জমে না কোনো উৎসবের আসর।
যার কথা বলছি তিনি দেশের জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম। যিনি জেমস নামেই উপমহাদেশে পরিচিত। কিংবদন্তি এই রকস্টার শুধুই জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু।
দেশের রকগানের শীর্ষ তারকা জেমস আবারও ওপেন এয়ার কনসার্টে সরব হয়েছেন। শুধু রাজধানী কেন্দ্রিক কনসার্টগুলো নয়, সারা দেশেই তিনি ছুটে চলেছেন। অংশ নিচ্ছেন করপোরেট শো থেকে শুরু করে খোলা মঞ্চে আয়োজিত কনসার্টগুলোতেও। ডিসেম্বরে এসে কনসার্টের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। পাচ্ছেন না দম ফেলার ফুরসত। এমনকি এক দিনে একাধিক কনসার্টেও অংশ নিচ্ছেন জেমস।
এমনটা জানিয়েছেন জেমস নিজেই। তিনি বলেন, দু-তিন মাস ধরেই একনাগাড়ে শো করে যাচ্ছি। রোজার আগের দিন পর্যন্ত শোর জন্য শিডিউল দেওয়া আছে। অল্প সময়ে এত শো অনেক বছর করা হয়নি।
নতুন গান প্রকাশ নিয়ে ভক্তদের কথা দিয়েছিলেন জেমস। এ প্রসঙ্গে তিনি বলেন, কথা দিয়েছি, কথা রাখব। এ মাসে না হলে আগামী বছরের শুরুতে নতুন গান প্রকাশ করব। এর মধ্যে নতুন গানের গীতিকথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সংগীতায়োজনও হয়ে গেছে। যেটুকু কাজ বাকি, তাও শিগগিরই হয়ে যাবে।
