আইয়ুব বাচ্চুর স্বপ্নপূরণ হতে দেখে আপ্লুত স্ত্রী

প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব।

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরও বিস্তৃত পরিসর পাচ্ছে। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সাথে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উদ্বোধন হলো দুই দিনব্যাপী‘ব্যান্ড মিউজিক ডে’র। চ্যানেল আই প্রাঙ্গণে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এই অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদ সহ বামবার সদস্য বৃন্দ।

শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-পাওয়ার্ড বাই গান বাংলা। বিশাল পরিসরের এই আয়োজন সামনে রেখে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত আইয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আইয়ুব চন্দনা।

আইয়ুব বাচ্চুর স্বপ্নকে সার্থক করে তুলতে ব্যান্ড শিল্পীদের একাত্বতায় মুগ্ধতা প্রকাশ করেন ফেরদৌস আইয়ুব চন্দনা। ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আগামীতে এই স্বপ্ন আরও বড় হবে, বিশাল হবে। স্বপ্ন পূরণ হবে। অনেক মানুষ যাঁরা ব্যান্ড সংগীত শুনতে ভালোবাসেন, সেই তরুণেরা সব সময় তাঁদের বিনোদনের প্ল্যাটফর্ম খুঁজে পাবেন।’
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘আজ আইয়ুব বাচ্চু নেই, তাঁর স্মৃতি আছে। এই মানুষটির যে স্বপ্নটি ছিল, সেই স্বপ্নে হাতে হাত দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডের আয়োজন শুরু হয়। সেই যাত্রার শুরু থেকে যাঁরা সাথে ছিলেন, তাঁদের অভিনন্দন জানাতে চাই।’

এসময় চন্দনা বলেন,‘এই জায়গাটা আমার জন্য না, এটা বাচ্চুর (আইয়ুব বাচ্চু) জন্য। আমি অনেক গর্ব বোধ করছি, এমন আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কৃতজ্ঞতা জানাই সাগর ভাইকে (ফরিদুর রেজা সাগর)।

আইয়ুব বাচ্চুর সহধর্মিণী আরও বলেন, সাগর ভাইয়ের কাছে ব্যান্ড মিউজিকের জন্য একটা দিন চেয়েছিলো বাচ্চু। সাগর ভাই তখন এমন উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বাচ্চুর আরেকটু স্বপ্ন ছিলো এটাকে বিশাল পরিসরে বড় কোনো স্টেডিয়ামে নিয়ে যাওয়ার। আজকে বাচ্চু নাই, কিন্তু বাচ্চুর সেই স্বপ্নটা তার সহকর্মীরা এতোদূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত যাচ্ছে- সেজন্য বাচ্চুর সঙ্গীদের সালাম।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন,‘আপনারা যারা বাচ্চুর স্বপ্নকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

আবেগাপ্লুত চন্দনা আরও বলেন, ‘মাইক্রোফোন নিয়ে কিছু বলার যোগ্যতা আমি অর্জন করি নাই। এটা আজকে আমাকে বাচ্চুর জন্য করতে হচ্ছে। হয়তো সন্তানরা দেশে থাকলে তারাই আসতো। আর্মি স্টেডিয়ামে এমন আয়োজন আপনারা সব সময় চালিয়ে যাবেন। আর সব শিল্পীরা একসাথে থাকবেন। এক ছাতার নিচে থাকবেন। এটা আমার চাওয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *