Home বিনোদন সংসার জীবন নিয়ে আমি অতিষ্ঠ: সারিকা

সংসার জীবন নিয়ে আমি অতিষ্ঠ: সারিকা

0
168

যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার অভিযোগের প্রেক্ষিতে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সারিকার অভিযোগ, তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ২০ লাখ টাকা। বিয়ের সময় তার মা-বাবা রাহীকে ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ উপহার হিসেবে বাসার আসবাবপত্র দিয়েছেন। পরবর্তীতে ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে সারিকাকে নির্যাতন শুরু করেন রাহী। আর তাই স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের মামলাটি করেন তিনি।

সারিকা গণমাধ্যমকে জানান, ‘রাহী আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক—সব দিকেই টর্চার করেছে। সে যেভাবে টর্চার করেছে, তা সহ্য করার মতো নয়। সংসারজীবনে আমি অতিষ্ঠ।’

তিনি আরও বলেন, ‘অনেক কথাই বলার আছে আমার। এখনই সব বলতে পারছি না। একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে, এটা বুঝতে হবে। তবে এটুকু বলব, পারিবারিকভাবে আমি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছি।’

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সারিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন।

সারিকা অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ে তার প্রথম কাজ। এরপর অভিনয় ও মডেলিংয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে মাঝে অভিনয়ে তুলনামূলক কম দেখা গেছে তাকে।

এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। তবে ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here