বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের ভিতর অন্যতম নুসরাত ফারিয়া। যিনি এপার বাংলা এবং ওপার বাংলার চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নাচে-গানে-অভিনয়ে সবকিছুতে অলরাউন্ডার বাংলাদেশের এই তারকা।
ওপার বাংলায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’। সম্প্রতি শুরু হয়েছে এই সিনেমার নতুন পর্বের শুটিং। প্রথম পর্ব নির্মাণ করেছিলেন পরিচালক বিরসা দাসগুপ্ত। এবার দ্বিতীয় কিস্তির ছবি পরিচালনা করবেন পরিচালক সৌমিক হালদার। আগের বারের মতই চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল।
কলকাতার পাশাপাশি সিনেমাটির শুটিং ও থাইল্যান্ডেও হয়েছে। সম্প্রতি সেই শুটিংয়ের আপডেট জানালেন নুসরাত ফারিয়া। ফেসবুকে ক্যাপশনে হ্যাশট্যাগ আবার বিবাহ অভিযান দিয়ে ফারিয়া লেখেন, ‘পাতায়ার কাজ শেষ হলো।’
এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বললেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, থাইল্যান্ডের পাতায়ায় সিনেমার শুটিং খুব আনন্দ নিয়ে করেছি। শুটিং শেষে ভারতের গোয়ায় একটি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি। এখন অবস্থান করছি ভারতের কলকাতায়।
তিনি বলেন, নতুন আরেকটি সিনেমাটির শুটিং একেবারই শেষের দিকে। মাত্র পাঁচ দিন শুটিং করলেই শেষ হবে। সেটাই এখানে করছি। এর জন্য এখানে নভেম্বর পর্যন্ত থাকতে হবে। যদি সব ঠিকঠাক থাকে তবে ২ ডিসেম্বর দেশে ফিরব।
বাংলাদেশ ও ভারতে কাজ করছেন। দুদেশে আপনার মূল্যায়নের বিষয়টি চোখে পড়ে কি? জানতে চাইলে তিনি বলেন, আসলে এমন প্রশ্ন অনেকেই করেন। বাংলাদেশ থেকে কলকাতয় গিয়ে কাজ করছি। কোনো বৈষম্যের শিকার হচ্ছি কি না, দুদেশের মূল্যায়ন কেমন-ইত্যাদি। আসলে আমার কাজের দিকে ফোকাস দেই। কাজ করতে গিয়ে অন্য কিছু নিয়ে ভাবার সময় পাই না। এটা ঠিক, কলকাতায় আমার আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। এখানে মানুষ আমাকে অনেক ভালোবাসেন। তা না হলে তো কাজ করতে পারতাম না।
