দেশের বাইরে বেশি দিন থাকতে পারি না: অরুণা বিশ্বাস

সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে সাফল্যের এক সোনালি অতীত রয়েছে অরুণা বিশ্বাসের। সিনেমায় এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি।

তবে অভিনয়ের পাশাপাশি গেল বছর অরুণা বিশ্বাস নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘অসম্ভব’ নামের সিনেমা। ছবিটি এখন সম্পাদনার টেবিলে।

নিজের প্রথম পরিচালনায় ছবির কাজটি করতে গিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের দেশে এখন অনেক মেধাবী অভিনেতা আছে, যাদের এখনও ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা।

এছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো-এখানে আমরা যত সিনিয়র হতে থাকি ততই আমাদের কাজ কমতে থাকে। আমার ছবিতে যেমন আবুল হায়াত খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন। আমি বলবো, তার মতো গুণী অভিনেতাকে নিয়ে এ ধরনের এক্সপেরিমেন্ট করাই হয়নি!’

সেন্সর বোর্ডের সদস্য হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অরুণা বিশ্বাস নিজের অভিনয়ও করছেন নিয়মিত। সম্প্রতি মুক্তি পেল তার অভিনীত ‘ও মাই লাভ’ ছবিটি। ছবিটির পোস্টার এখন শহরের দেয়ালে দেয়ালে।

অরুণা বিশ্বাস বলেন, ‘বাংলা ছবি দেখার একটা দারুণ প্রবণতা তৈরি হয়েছে। তবে এর ধারাবাহিকতা রাখাটা খুব জরুরি। আজ এদেশের ওটিটির কন্টেন্টগুলো কেন এত জনপ্রিয়তা পাচ্ছে। এর মূল কারণ হলো-ওটিটি প্লাটফর্মে একটি সিকোয়েন্সের জন্যও যদি একজন সিনিয়র আর্টিস্ট প্রয়োজন হয়, তবে তাকেই নেওয়া হয়। এটা একটা টিমওয়ার্ক। এই টিমওয়ার্ককে যে গুরুত্ব দেবে না তার কাজ গ্রহণযোগ্যতা হবে না।’

অরুণা বিশ্বাস নির্মাণ-অভিনয়ের পাশাপাশি সেল্ফ টাইটেলের একটি সেলেব্রিটি টকশোও শুরু করেছেন। যার একাধিক পর্ব শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই এটি তার নিজেস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। অরুণা বিশ্বাস বলেন, ‘কাজের নেশাতেই তো কাটালাম একটি জীবন। এই অভিনয় আর শোবিজের সৃজনশীলতা নিয়ে থাকবো বলেই দেশের বাইরে বেশি দিন থাকতে পারি না। সবার দোয়ায় নিয়মিত আরও কিছু চলচ্চিত্রের কাজ করতে চাই আমি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *