৩২ বছর পর হার দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপের শুরুতেই অঘটন। অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব। অথচ ম্যাচের শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে সৌদির জোড়া গোলে হেরে মাঠ ছাড়তে হল মেসিদের। সেই হারের ফলে একগুচ্ছ লজ্জার মুখে পড়তে হল আর্জেন্টিনাকে। কী কী সেই নজির, তা দেখে নিন –

৩২ বছর পর বিশ্বকাপের প্রথম ম্যাচে হার আর্জেন্টিনার: ১৯৯০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রজার মিল্লার ক্যামেরুন ১-০ গোলে জিতেছিল। সেই ম্যাচে জোড়া লালকার্ড দেখেছিল ক্যামেরুন। তারপর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে কখনও হারেনি আর্জেন্টিনা। ছ’টি ম্যাচে জিতেছিল। একটি ম্যাচে ড্র করেছিল। আজ সৌদির বিরুদ্ধে হারলেন মেসিরা।

তবে আর্জেন্টিনা এটা ভেবে স্বস্তি পেতে পারেন যে ১৯৯০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারলেও ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। ফাইনালে অবশ্য পশ্চিম জার্মানির (বর্তমানে জার্মানি) বিরুদ্ধে হেরে গিয়েছিল নীল-সাদা বাহিনী।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই বা তার বেশি গোল হজম আর্জেন্টিনার: ১৯৭৪ সালের বিশ্বকাপের পর কখনও প্রথম ম্যাচে দুই বা বেশি গোল হজম করেনি আর্জেন্টিনা। ১৯৭৪ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল নীল-সাদা ব্রিগেড। কাকতলীয়ভাবে এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপেই আছে পোল্যান্ড।

প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ জয়: প্রথম ম্যাচে হেরে মাত্র একটি দল বিশ্বকাপ জিতেছে। ২০১০ সালের বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছিল অবিংসবাদী ফেভারিট স্পেন। তারপর জিতেছিল বিশ্বকাপ। আর্জেন্টিনাও এবার অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছে।

বিশ্বরেকর্ড করতে পারল না আর্জেন্টিনা: টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে কাতার এসেছিলেন মেসিরা। আজ অপরাজিত থাকলেই বিশ্বরেকর্ড স্পর্শ করত আর্জেন্টিনা। কিন্তু সেটা হল না। অক্ষুণ্ণ থাকল ইতালির রেকর্ড। ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। তারপর থেকে ২৫টি ম্যাচ জিতেছিল। ড্র হয়েছিল ১১ টি ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *