সাংবাদিক ইলিয়াসের ভিডিও সরাতে ইউটিউবকে আইনি নোটিশ

নজর২৪, ঢাকা- আপত্তিকর ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ড. জাহিদুল ইসলাম।

 

নোটিস প্রাপ্তির ৩০ দিনের মধ্যে একুশে টিভির সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব প্রোগ্রাম ফিফটিন মিনিটস এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে ইউটিউবের বিরুদ্ধে ৫০ লাখ ইউএস ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

সোমবার (১৬ নভেম্বর) জাহিদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজীব এ লিগ্যাল নোটিশ পাঠান।

 

রেজিস্ট্রি ডাকযোগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের যুক্তরাষ্ট্রের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জাকারবার্গকে ইউটিউবের প্রধান নির্বাহী হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ডায়ান উইচিটস্কি।

 

নোটিশে ইউটিউবে ‘১৫ মিনিট’ অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগ আনা হয়। বলা হয়, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।

 

আইনজীবী সাফায়েত হোসেন সজিব জানান, গত ১২ সেপ্টেম্বর ড. জাহিদুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যেমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর ভিডিও সম্প্রচার করে সামাজিকভাবে তার মানহানি ঘটায় ইলিয়াস হোসেন। জনৈক আব্দুস সালাম কুটির পক্ষ অবলম্বন করে তৈরি করা ভিডিওর মাধ্যমে জাহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। ভিডিওটি সম্প্রচারের প্রতিবাদ জানিয়ে ইউটিউবের সিইও বরাবর ১৯ সেপ্টেম্বর ও ১৮ অক্টোবর দুটি চিঠি পাঠানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণেই সোমবার ইউটিউবের সিইওকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন-

থাকার ঘর নেই, মানবেতর জীবন কাটাচ্ছেন দু’বারের সাবেক এমপি

 

নজর২৪ ডেস্ক- মানবেতর জীবনযাপন করছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া।

 

নির্লোভ নির্মোহ এনামুল হক জজ মিয়ার বর্তমানে নিজের বলে কিছু নেই। দলের নেতা ও সাংসদ হয়েও গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমি। এমনকি নেই কোনো ব্যাংক-ব্যালেন্স।

 

জানা যায়, সহায়সম্বলহীন সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার একসময় সবই ছিল। তবে ক্ষমতা, অর্থ, সম্পদ, সন্মান সব কিছু হারিয়ে এখন পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় খেয়ে না খেয়ে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে।

 

শনিবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির সাবেক এই এমপির দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। তিনি সহায়সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তা করেন।

 

এ বিষয়ে গফরগাঁও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছি।

 

জজ মিয়া প্রধানমন্ত্রীর কাছে বাসস্থানের জন্য একটি ঘর করে দেয়ার অনুরোধ করেছেন।

 

সাবেক এমপি জজ মিয়াকে মানবিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক তাজমুন আহাম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *