আমার পরিবার আর্জেন্টিনা ও ব্রাজিলে বিভক্ত: চম্পা

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয় জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।

পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই সিনেমার আশির দশকের নন্দিত অভিনশিল্পী গুলশান আরা চম্পা জানালেন তার পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে নানা কথা।

চম্পা বলেন, ‘একটা সময় যখন শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছি সেই সময় বিশ্বকাপ চলাকালীন আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা নিয়ম করে দেখতে পারতাম না। সুচন্দা আপা, ববিতা আপা এবং আমার পুরো পরিবার আয়োজন করে খেলা উপভোগ করতো। তবে আমি শুটিংয়ে ব্যস্ত থাকতাম তখন।

কিন্তু এবার ঘটা করেই পুরো পরিবার নিয়ে খেলা দেখবো বলে ঠিক করেছি। আমার পরিবার আর্জেন্টিনা ও ব্রাজিলে বিভক্ত। খেলা চলাকালীন মিষ্টি মধুর তর্ক চলতে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। তবে এবার আমরা ববিতা আপাকে মিস করবো। কারণ তিনি কানাডায় রয়েছেন। ফুটবলের বর্তমান রাজপুত্র মেসি আমার ফেভারিট।

শুধু সুদর্শনই নয়, তার খেলায় রয়েছে ম্যাজিক। বিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ ফাঁকি দিয়ে কীভাবে গোল দিতে হয় তার নখ দর্পণে সেটা। শুধু ভালো খেলে বলেই সে বিশ্বনন্দিত না, সঙ্গে রয়েছে মানবিক গুণাবলী।

এবার পরিবারের দুই দলের সমর্থকদের জন্য জার্সি কেনা হয়েছে। জার্সি ছাড়া খেলা দেখতে নো এন্ট্রি ঘোষণা করেছি। এর সঙ্গে সংযুক্ত করেছি ওয়ান ডিস। খেলার সময় সবাইকে পছন্দের একটি খাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে।

বিশ্বকাপে খেলা নিয়ে আমরা যতই উন্মাদনায় ভাসি না কেন, আমি দুই দলের সমর্থকদের প্রতি অনুরোধ রাখবো কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না। বিশ্বকাপ শেষে আমরা আবার একই পরিবারের সদস্য হবো তাই না! সুতরাং এনজয় ফুটবল, নো ভায়োলেন্স। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *