সব সংকট কাটিয়ে ঢাকায় এসেছেন বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী।
নোরা ফাতেহির এ সফরে তিনি উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামে যান। বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।
রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির পারফরন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সহাস্রাধিক ভক্তদের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন।
অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।
সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
