সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ তুলেছেন উপস্থাপিকা ইসরাত পায়েল। সেটি নিয়ে এবার মুখ খুললেন মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি।
তিনি বলেন, আমার একটা প্রশ্ন, আপনারা প্রোগ্রামটা দেখেছেন? আপনাদের কি মনে হয়েছে, সাব্বির উদ্দেশ্যমূলকভাবে কথাটা বলেছে? সে একেবারেই ফান করে কথাটা বলেছে। মেয়েটা (উপস্থাপিকা) তো তখন হেসে হেসে কথা বলল, এখন কেন এসব কথা আসছে? মেয়েটা চাচ্ছে, এটা নিয়ে সবাই কথা বলুক।
ফারজানা চুমকি জানান, ও (মীর সাব্বির) তো এই টাইপের ছেলেই না। ড্রেস নিয়ে কেন কথা বলবে? আমি কি ঘোমটা দিয়ে চলি? সাব্বিরের বউ তো আর ঘোমটা দিয়ে চলে না। আমার মনে হয়েছে, মেয়েটা যা করল এটা একদম উদ্দেশ্যমূলক। আমি ওকে (ইসরাত পায়েল) চিনতাম না। আমাদের শোবিজের আরও অনেকেই তাকে চিনত না। এখন পরিচিতিটা পাচ্ছে। ভাইরাল হওয়ার জন্যই সে এসব করছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর মঞ্চে এ ঘটনা ঘটে। সেখানে বিচারকের দায়িত্বে ছিলেন অভিনেতা মীর সাব্বির। উপস্থাপনা করেন ইসরাত পায়েল। অনুষ্ঠানের এক পর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে ঢেকে নেন পায়েল। মীর সাব্বির-পায়েল পরস্পরের সঙ্গে রসিকতাও করেন।
মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের জনপ্রিয় সংলাপ দিতে বলেন পায়েল। জবাবে সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্ত রাখতে পারি না’। আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতাড়ি তুমি এরকম উদলা গায়ে দাড়াই আছ কিল্লাইগা’?
বরিশালের ভাষায় মীর সাব্বিরের কথা শুনে হেসে দেন পায়েল। দর্শকসারিতে থাকা অনেকে তখন হাততালি দিচ্ছিলেন। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রোফোন নিয়ে পায়েল হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। থ্যাংক কিউ সো মাচ’।
অনুষ্ঠানের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
