মানুষের কথা পাত্তা দেওয়ার সময় আমার নাই: মিথিলা

তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মুলত দুজনের এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে এই জল্পনার শুরু। শনিবার সৃজিত ও মিথিলা কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।

অভিনেত্রী নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘কীভাবে জানবে যে প্রেমটা সত্যি? কীভাবে জানবে যে এ প্রেম ন্যায্য? এই প্রেম আর নেই এটা জানার আগে তুমি কতদূর যেতে পারো?’

মিথিলার পোস্টের কয়েক মিনিট পরেই সৃজিতের পোস্ট। কলকাতার এই পরিচালক লিখেছেন, ‘এখানে রাগের কিছু নেই। দোষ দেয়ারও প্রয়োজন নেই। প্রমাণ করারও কিছু নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটি গাছ দাঁড়িয়ে। একা। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে… এবার আমার বিদায় নিতে হবে।’

মিথিলা-সৃজিতের এমন গুঞ্জনকে ঘিরে চিন্তায় পড়েছেন তাদের ভক্তরা। তবে বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন মিথিলা। তিনি বলেন, সংসার ভাঙার কোনো প্রশ্নই আসে না। এটা পুরোপুরি গুজব এবং ভিত্তিহীন।

ওই কথার সূত্র ধরেই আবারও মিথিলা জানালেন, এসব আজেবাজে জল্পনা-কল্পনা, মানুষের কথা পাত্তা দেওয়ার সময় আমার নাই। আমি আমার কাজ, সন্তান ও সংসার নিয়ে অনেক ব্যস্ত। আমরা একসঙ্গেই আছি।

প্রসঙ্গত, বর্তমানে মেয়েকে নিয়ে থাইল্যান্ডে আছেন মিথিলা। আর সৃজিত ভারতের কেরালায় ব্যস্ত তার শুটিংয়ের দৃশ্যধারণের কাজ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *