সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এ নিয়ে বেশ কয়েকদিন থেকে জল্পনা-কল্পনা হলেও শেষ পর্যন্ত মালিক শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিলেন।
সিলেটে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা ও বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপনসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মালিক সমিতি।
বুধবার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, দাবিগুলো জানিয়ে আমরা কিছুদিন আগে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি। শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনও সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে।
তবে সিলেটে ধর্মঘটের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সিলেট বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের সমাবেশ নিয়ে মানুষ অনেক উজ্জীবিত। বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোনও ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্ত করতে পারবে না। দেশ ও মানুষকে বাঁচতে আগামী ১৯ নভেম্বর দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে যোগদান করবেন।
গত কয়েকদিন ধরে পরিবহন সংশ্লিষ্টরা সিলেটে ধর্মঘট করার ‘ইঙ্গিত’ দিয়ে আসছিলেন। এ নিয়ে ঢাকা ও সিলেটে দফায় দফায় বৈঠক করা হয়। ইজতেমা ও চলমান পরীক্ষার কথা বিবেচনা করে বিএনপির সমাবেশের আগে ও সমাবেশের দিন ধর্মঘট না দেওয়ার পক্ষেই মতামত দেন সংশ্লিষ্টরা। কিন্তু বুধবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি।
নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।
