অবশেষে পুরাতন গ্রাহকদের সুখবর দিল ইভ্যালি

অনেক ঝড় ঝাপটার পরে নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস বা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সেই ধারাবাহিকতায় এবার পুরাতন সার্ভারে ফিরছে ইভ্যালি। এর ফলে সব তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ২৬ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে ইভ্যালি লিখেছে, ‘আমরা আপনাদের পুরাতন সার্ভার ও সকল তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হব। আমাদের বকেয়া বিল পরিশোধ হওয়া শর্তে অ্যামাজন আমাদের সার্ভার চালু করে দিতে রাজি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে বিল পরিশোধ করে পুরাতন সার্ভারে ফিরে যেতে। আমরা শিগগিরই এই সংক্রান্ত অগ্রগতি আপনাদের জানাব। বর্তমান অর্ডারগুলোর ডেলিভারি চলমান থাকবে। বর্তমান অর্ডার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ করা হলো।’

গত ২২ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। তার দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ পুনরায় সচল করা হয়।

এছাড়া গত ২৮ অক্টোবর ধন্যবাদ উৎসবের মাধ্যমে নতুন ডোমেইন ও সার্ভারে ইভ্যালি চালু হয়। এরপর নতুন সার্ভারে পুরোনো ওয়েবসাইট হোস্ট করা হয়েছে।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, এখন থেকে আমরা আর লোকসান দিয়ে পণ্য বিক্রি করব না। তবে লাভ করে পণ্য বিক্রি করলেও, গতানুগতিক বাজারের তুলনায় আমরা গ্রাহকদের বেস্ট প্রাইস দিতে পারব।

উল্লেখ্য, প্রতারণার মামলায় ১ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল। এছাড়া সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *