এখন ১০ মিনিটেই ৫ লাখ টাকা আয় করতে পারি: ব্যারিস্টার সুমন

আগে ৫০ টাকা আয় করতে ঘাম ঝরাতে হলেও এখন কোনো কোনো মামলায় ১০ মিনিটেই ৫ লাখ টাকা আয় করতে পারেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওতে একথা বলেন আলোচিত এই আইনজীবী।

ব্যারিস্টার সুমন বলেন, যখন ঢাকায় আসি তখন শুরুতে দিনে ৫০ টাকা ইনকাম করতে আমার ঘাম ঝরত। আর এখন মাত্র দশ মিনিট সময় শুনানি করলে কোনো কোনো মামলায় ৫ লাখ টাকা ইনকাম করতে পারি।

ভিডিওতে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারলে গৌরিপুরের জন্য কাজ করার কথা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমাকে হবিগঞ্জ থেকে এমপি পদে নির্বাচন করতে মাননীয় নেত্রী (শেখ হাসিনা) যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি কথা দিয়ে গেলাম ময়মনসিংহের গৌরীপুরের জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘আমি যা কথা দেই তা করি। আমার উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি হলেও ‍আমার কলিজাটা অনেক বড়।’

‘আমি বলব জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। ময়মনসিংহের জন্য একজন লোককে ধরা হলে সে বিবেচনায় থাকতেন প্রয়াত শাকিল ভাই (প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব)। জন্ম যে জায়গাতেই হোক আমাকে দেখেন আমি চেষ্টা করে যাচ্ছি।’-বলেন সুমন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, ‘গত পরশুদিন আমি এক মামলায় ৫ লাখ টাকা ইনকাম করেছি। আমার মনে হয়েছে এই ঢাকা শহরে আমি যখন প্রথম আসছিলাম ৫০ টাকা ইনকাম করা আমার জন্য কঠিন হয়েছে, ঘাম ঝরেছে। আইনজীবী হিসেবে যে সিনিয়রের আন্ডারে আমি আর ভাবী (শাকিল হাসানের স্ত্রী) কাজ করতাম সেই সিনিয়র আমাকে মাত্র ৫০ টাকা দিতেন। ভাবীরে সম্মানের কারণে দিতেন না। মনে করতেন শাকিল ভাইয়ের বৌকে ৫০ টাকা কেমনে দেই। আজ আমার এমন পরিবেশ তৈরি হয়েছে আমি একটি মামলায় দশ মিনিট শুনানি করলে ৫ লাখ টাকা ফি পাই। ৫ লাখ হইলেই তাড়াতাড়ি ৩ লাখ টাকা নিয়ে আমার এলাকায় ব্রিজ বানিয়ে দেই।’

সবার উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, খবর নিয়ে দেইখেন আমার এলাকায় আমি ৩৯টি ব্রিজের কাজ শেষ করে ৪০তম ব্রিজের কাজ শুরু করেছি। আজকে ভাবী যে আদরটা করে দিয়েছেন তাতে আমি মুগ্ধ। এখানে সেক্রেটারি সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন তারাও আমার এলাকায় যেতে পারেন। আপনারা ময়মনসিংহের মানুষ আমার হবিগঞ্জ এলাকায় গেলে আমি কথা দিলাম জিম্মাদার হিসেবে আমার বাসায় একরাত থাকতে পারবেন।

এখানে আমি ফুটবল খেলতে আসি নাই। আপনাদের সঙ্গে আত্মীয়তা তৈরি করতে এসেছি। আগে জানতাম শুধু বোন বিয়ে দিলেই আত্মীয়তা তৈরি হয়, কিন্তু এখন বুঝলাম, যে মাটিতে ঘাম পড়ে রক্ত ঝরে সেই মাটিতে এমনিতেই আত্মীয়তা তৈরি হয়।-যোগ করেন সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *