আন্দোলন শুরু হয়ে গেছে, এই আন্দোলন চলতে থাকবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলের প্রয়াত স্থায়ী কমিটি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত। নির্বাচনকালে দলীয় সরকার থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই কারণে আমরা বলছি, নির্বাচন যদি হতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। অন্যথায় কোনো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। তত্ত্বাবধায়কের অধীনে তারা ২০টি আসনও পাবে না। তাই তারা বলছে, তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হবে না। আমাদের কথাও পরিস্কার তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, তা না হলে কোন নির্বাচন হবে না।’
বিএনপি নেতা বলেন, ‘এই সরকার আদালতকে কুক্ষিগত করেছে। যারা ব্যাংক ডাকাতি করছে, মানুষ খুন করছে তাদেরকে সঙ্গে সঙ্গে জামিন দেয়া হচ্ছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রেখে জামিন দেয়া হচ্ছে না। কারণ, তিনি জামিনে বাইরে বের হয়ে আসলে, হ্যামিলনের বংশিবাদকের মতো হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসবে আর এই সরকারের গদি উল্টে যাবে।’
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের সঞ্চালনায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, সহ সাংগঠনিক বেনজির আহমেদ টিটু, হুমায়ুন কবির খান, রফিকুল ইসলাম, কাজী ছাইয়েদুল আলম বাবুল,মেয়র মুজিবুর রহমান, ওমর ফারুকও বক্তব্য রাখেন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মরহুম হান্নান শাহ’র আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত করেন।
