জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন ২০শে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।
এদিন সম্রাট আদালতে উপস্থিত হন। এসময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।
এছাড়া মামলার আইনজীবী এহসানুল হক সমাজী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও সময়ের আবেদন করা হয়। পরে আদালত আগামী ২০শে অক্টোবর দিন ধার্য করেন।
এর আগে, গত ২২ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একই দিনে অসুস্থ বিবেচনায় সম্রাটের দ্বিতীয় দফায় জামিনও মঞ্জুর করেন একই আদালত।
উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।
