নজর২৪, ঢাকাঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের সামনে ১৮টি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভোটার ও আশাপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় ভোটগ্রহণ কার্যক্রমন স্থগিত হয়নি। তবে ভোটাররা ককটেলের শব্দে কেন্দ্র ছেড়ে যান। এই ঘটনার যুক্ত সন্দেহভাজন দুই জনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে রাজধানীর আব্দুল্লাহপুরের মালেকাবানু আর্দশ বিদ্যানিকেতন স্কুলের কেন্দ্র এই ঘটনা ঘটে। এর আগে বেলা ১০টার দিকে এই কেন্দ্রে ভোট দিয়ে যান বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে এই কেন্দ্রের দায়িত্বরত ওসি নুর আলম কোনও মন্তব্য করতে রাজি হননি।
সেখানে উপস্থিত আরেক পুলিশ কর্মকর্তা আলিম বলেন, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা ধারণা করছি পাশের ভবন থেকে ককটেলগুলো ছুড়ে ফেলা হয়েছে।’
ককটেল বিস্ফোরণ ঘটনা পরে মালেকাবানু আর্দশ বিদ্যানিকেতন স্কুলের কেন্দ্র পরিদর্শনে আসেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেন, ‘আমার প্রতিপক্ষ ককটেল বিস্ফোরণ করে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বিরত রাখতে চায়। কারণ তারা জানে মানুষ নৌকায় ভোট দেবে, ধানের শীষে নয়।’
ঘটনার বিষয়ে জানতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীরকে ফোন করা হলে তিনি ধরেননি। তবে এর আগে ভোট দেওয়ার পর জাহাঙ্গীর অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী ভোট কেন্দ্র দখল করতে ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে প্রতিটি ভোট কেন্দ্রের জড়ো করেছে। পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।
