নিরাপদ সড়কের দাবিতে ফের সড়কে নেমে এসেছেন রাজধানীর সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী আলী হোসেনের মৃত্যুতে সোমবার ১১টা ৫০ মিনিটে সড়কে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় রাজধানীর ফার্মগেট এলাকার পুলিশ বক্সের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করে তারা। এখন তারা ফার্মগেট থেকে কারওয়ান বাজারমুখী রাস্তার একাংশ দখল করে আছে। পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।
অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি তেজগাঁও কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
