শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়া সোমবার বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। ৪টা ৩৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্ধারিত চেক-আপ করানোর পর আবার ফিরোজায় ফেরত আসবেন। হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা নেই।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা পর্ব শেষ হোক। তারপর বলা যাবে তিনি হাসপাতালে ভর্তি হবেন নাকি বাসায় ফিরে আসবেন।’
এর আগে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে যে সাজা দেওয়া হয়েছে, তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, সুচিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।’
উল্লেখ্য, গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তার হার্টে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন। টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
