আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মিডিয়া সমস্ত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাইভ বক্তৃতা সম্প্রচার নিষেধাজ্ঞা দিয়েছে।
ইসলামাবাদে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) একটি বিবৃতিতে বলেছে, ইমরানের সাম্প্রতিক বক্তব্য সংবিধানের ১৯ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই সম্পাদকীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে শুধুমাত্র তার রেকর্ড করা বক্তৃতা প্রচার করা যাবে। সরাসরি বক্তৃতা সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞার পাশাপাশি পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
শনিবার এক রাজনৈতিক বক্তৃতায় পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে।
তিনি সেই বক্তৃতায় পুলিশপ্রধান এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের আটক ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেন।
ইমরান সেই ঘোষণায় পুলিশপ্রধান ও নারী বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
পুলিশ সেই হুঁশিয়ারিকেই হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে এবং পিইএমআরএ তার বক্তৃতা সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।
পুলিশের তদন্ত শুরুর ঘোষণায় এরই মধ্যে পাকিস্তানজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ইমরানের শত শত সমর্থক তার বাড়ির সামনে জড়ো হয়েছেন এবং ইমরানকে আটক করা হলে রাজধানী ইসলামাবাদ দখলের শপথ নিয়েছেন জড়ো হওয়া সমর্থকরা।
পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার নয়, আইনশৃঙ্খলা রক্ষা করতেই তারা সেখানে উপস্থিত হয়েছেন।
