Home প্রধান খবর ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

0
171

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২১ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

‘এ অবস্থায় নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে আপনার পদ থেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।’

চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।

‘শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

মন্ত্রীর এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here