আন্তর্জাতিক ডেস্ক- কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা নয়জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে গেছেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. নুরুল আলম, মো. ইসমাইল হেসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী (২৫), মোহাম্মদ কালা ওরফে কালাবদা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া (২০) ও মো. লালু মিয়া (৩০)।
টেকনাফের সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ও নৌকার মালিক মোহাম্মদ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরুল আমিন জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়ার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা নিয়ে আট জেলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। বেলা তিনটার দিকে বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় আটজন জেলেসহ নৌকাটিকে অস্ত্রের মুখে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যান। বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নৌকার মালিক মোহাম্মদ আমিনকে জানিয়েছেন নৌকার মাঝি মোহাম্মদ কালা ওরফে কালাবদা।
এ ব্যাপারে টেকনাফ ২ নম্বর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার নাফ নদীর জলিলের দিয়া নামক জায়গায় মাছ ধরার সময় বিনা উস্কানিতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের গু-লি-তে মোহাম্মদ ইসলাম নামে একজন বাংলাদেশি জেলে গুরুতর আহত হন। তাকে এনে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তার মৃ.ত্যু হয়। এ ঘটনায় সোমবার বিজিপিকে প্রতিবাদ লিপি পাঠায় বিজিবি।
