খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান ১৬ আগস্ট

আগামী ১৫ আগস্ট (সোমবার) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে একদিন পর ১৬ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি।

২০১৬ সাল থেকে জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে উদযাপন বন্ধ রেখেছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া বর্তমানে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গুলশানের বাসভবনে রয়েছেন। সোমবার ৭৮ বছরে পা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

রোববার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনা করে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়াও তার জন্মদিন উপলক্ষে ঘটা করে কিছু করতে রাজি নন। তিনি নিজেই ২০১৬ সাল থেকে তার জন্মদিনে কেক কেটে যে আনন্দ উৎসব করা হতো, সেটা বন্ধ করে দিয়েছেন। জন্মদিনে কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিলের ব্যাপারে বেগম খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ১৫ আগস্ট কেক কাটার বদলে মিলাদ, দোয়া মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হতো। কিন্তু গত ২০১৯ সালে খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজনের দিন ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়।

বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বির্তক থেকে বেরিয়ে আসতে একদিন পিছিয়ে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *