সাকিবকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিসিবির, সাফ জানালেন পাপন

স্পোর্টস আপডেট ডেস্ক: বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার গণমাধ্যমে এ কথা বলেছেন তিনি।

দিন কয়েক আগে বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। ওই প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। এ নিয়ে ফেসবুকে নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। যা মোটেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বেটিং নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা আছে। বাংলাদেশের আইনেও বেটিং মানে বাজি খেলা নিষিদ্ধ। গুঞ্জন আছে, বেটউইনার নিউজের সঙ্গে প্রায় ১০ কোটি টাকায় চুক্তি করেছেন সাকিব।

সাকিবের চুক্তির পরপর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি। খোদ সাকিবকে বোর্ড জানায়, বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদিও এ নিয়ে নির্বিকার থাকেন সাকিব। তারই প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বেক্মিকো কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।

পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *