আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রতিক্ষার পর শনিবার রাতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
যদিও এখনও মার্কিন প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে সোমবারই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
সারাবিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও নিজের পরাজয় এখনও স্বীকার করে নেননি ট্রাম্প। একের পর এক টুইট করে জালিয়াতির অভিযোগ তুলে সরব হয়েছেন। তার মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়াসহ ট্রাম্পের ঘনিষ্ঠরা তাঁকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেলানিয়া-ঘনিষ্ঠরা জানিয়েছেন, ফার্স্ট লেডি প্রসিডেন্টকে বলেছেন, ‘সময় এসেছে. এবার হার স্বীকার করো।’ আর একটি সংবাদমাধ্যমের দাবি, প্রেসিডেন্টের মেয়ের জামাই ও তার পরামর্শদাতা জ্যারেড কুশনার তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘ভোটের ফল মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করুন।’
তবে স্ত্রী-জামাই ভোটের ফল মেনে নিতে অনুরোধ করলেও প্রেসিডেন্টের অবস্থানকেই সমর্থন করেছেন তাঁর দুই ছেলে। এরমধ্যেই ফের টুইট করে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, জালিয়াতি করে তাঁকে হারানো হয়েছে।
টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘আমরা মনে করি এরা চোর। যন্ত্রগুলোতে কারচুপি করা হয়েছে। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা পরিষ্কার চুরির ভোট ছিল। যে কারণে কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন।’ টুইটে তার দাবি, ‘ওঁরা যা চুরি করতে চেয়েছিল সেটাই করেছে। সেখানেই ফারাকটা তৈরি হয়েছে।’
