আগামী নির্বাচনে বিএনপির ইমাম কে জনগণ তা জানতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামালকে ইমাম মেনে ভুল করেছেন’, বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বিএনপি ও তার সহযোগীরা এ বিষয়ে একমত হয়েছে- এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বপ্ন তো তারা বারবার দেখে, গত নির্বাচনেও ঐক্যফ্রন্ট গঠন করেছিল। তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সঙ্গে জাতীয় তামাশা কি না তা দেখা যাবে।
ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক।
বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাকে নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।
তিনি বলেন, ঐক্যের নামে বিএনপি এবং তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ-বিদেশে চক্রান্ত করছে। তাদের এ চক্রান্ত প্রতিরোধ এবং প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত।
বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডানা এল ওল্ডস।
