তিন মাসের খাবার কেনার মতো রিজার্ভ থাকাই যথেষ্ট: প্রধানমন্ত্রী

দেশের রিজার্ভ কম বেশি হতে পারে; তবে তিন মাসের খাবার কেনার মতো রিজার্ভ থাকাই বাংলাদেশের জন্য যথেষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষ জনশক্তি তৈরি ও রফতানির উদ্দেশে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রুশ-ইউক্রেন যুদ্ধকে অর্থহীন উল্লেখ করে প্রধনামন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, এ যুদ্ধে অস্ত্র ব্যবসায়ীরা-ই লাভবান হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলো জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, আমরাও নিয়েছি।

সরকারপ্রধান বলেন, আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। সেখানে ৩৮ শতাংশ যুব সমাজ। এই যুব সমাজকে আমরা শুধু বিদেশে পাঠাব এটা ভাবলে চলবে না। আমরা দেশে যে অর্থনৈতিক অঞ্চল করছি সেখানেও দক্ষ জনশক্তি লাগবে। কাজেই আমরা প্রশিক্ষণ দেব, বিদেশের পাশাপাশি দেশেও কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গৃহকর্মী পাঠাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যে প্রশিক্ষণটা দেই সেটা তারা যথাযথভাবে নেয় না। প্রশিক্ষণ নেওয়ার সময় যে টাকাটা দেওয়া হয় সেটা নেয়। কিন্তু প্রশিক্ষণটা নেয় না। পরে বিদেশে গিয়ে বিপদে পড়ে।

তিনি বলেন, রপ্তানি নির্ভর বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা পণ্য যেমন উৎপাদন করব পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *