আন্তর্জাতিক ডেস্ক- হোয়াইট হাউসে টিকে থাকার জন্য যে কটা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় খুব দরকার, তার একটি জর্জিয়া। একটা সময়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের চেয়ে কয়েক লাখ ভোটে এগিয়ে ছিলেন। সেই জর্জিয়াতেই স্বপ্নভঙ্গ হতে চলেছে ট্রাম্পের।
শেষ খবর পাওয়া পর্যন্ত জর্জিয়ায় জো বাইডেন ৯১৭ ভোটে এগিয়ে গেছেন। মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সে অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ); অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো। বাইডেন অনেক পেছনে পড়ে গিয়েও যেভাবে এই অঙ্গরাজ্যে ঘুরে দাঁড়িয়েছেন, তাতে বিস্ময় জেগেছে।
একটা সময়ে জর্জিয়ায় ট্রাম্প ৩ লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন। ফলে এই অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বী বাইডেন ঘুরে দাঁড়াতে পারবেন, এটা অনেকের কাছে ছিল দূরবর্তী কল্পনা। তবে আশা জাগাচ্ছিল প্রধান শহর আটলান্টাসহ কয়েকটি কাউন্টি।
ডেমোক্র্যাট-অধ্যুষিত এসব এলাকার ভোট গণনা বাকি ছিল। এই কাউন্টিগুলোই ব্যবধান গড়ে দিয়েছে। এসব এলাকার ভোট গণনায় আসতেই তরতর করে এগিয়ে গেছেন বাইডেন। শেষ পর্যন্ত তিনি ট্রাম্পকে পেছনে ফেলে দিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। এতে নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান এখনও হয়নি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী তার ইলেক্টোরাল ভোট ২৫৩টি।
এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকি। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতে বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তবে এপি তাদের পূর্বাভাসের ব্যাপারে আত্মবিশ্বাসী।
