Home প্রধান খবর সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও তার স্ত্রী গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন ও তার স্ত্রী গুরুতর আহত

0
113

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (৩৩) গুরুতর আহত হয়েছেন৷

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকায় দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, শোভনের গাড়িতে তার স্ত্রী বিথি ছিলেন। তারা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

সাদ্দাম বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বগুড়ায় শোভন ভাইয়ের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ভাই মাথায় আঘাত পেয়েছেন। তার সিটি স্ক্যানও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

শোভনের বাবা ও ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে তার গাড়িতে স্ত্রীসহ ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তার স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন। শোভনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাই।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন৷ প্রথমে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here