আন্তর্জাতিক ডেস্ক- ভোটগণনা শুরু হওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন, নাকি আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন, তা স্পষ্ট হল না এখনও। তবে উইসকনসিন এবং মিশিগান জিতে আপাতত পাল্লা ভারী বাইডেনের দিকেই।
জনগণের রায় ডেমোক্র্যাট পার্টির পক্ষেই যাবে বলে আশাবাদী জো বাইডেন। উইলমিংটনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে তিনি বলেন, ‘‘গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে , গণতন্ত্রই এ দেশের হৃদ্স্পন্দন, গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন।’’
বাইডেন আরও বলেন, ‘‘রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার থেকে বেশি ভোট পাব আমরা। আমরা জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে একটা কথা বলতে চাই, গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’’
এদিকে নির্বাচনের পরের দিনেও ভোট গণনা অব্যাহত রয়েছে। জানা গেছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন।
এখন প্রশ্ন কোথায় পাবেন এই ছয়টি ইলেকটোরাল ভোট! সবার জবাব- নেভাডায়! যেখানে জিতলেই ছয়টি ইলেকটোরাল ভোট যুক্ত হবে বাইডেনের পাল্লায়। তাহলেই তিনি পৌঁছে যাবেন স্বপ্নের হোয়াইট হাউসে!
কী অবস্থা নেভাডার?
নেভাডা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্পও। রাজ্যটিতে এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। অর্থাৎ মাত্র ০ দশমিক ৬ শতাংশ ভোটে পিছিয়ে ট্রাম্প। আরও পরিস্কার করলে দাঁড়ায়- ট্রাম্পের চেয়ে মাত্র ৭ হাজার ৬৪৭ ভোটে এগিয়ে আছেন বাইডেন। অথচ এ রাজ্যে এখনও ভোট গণনার বাকি প্রায় ৩ লাখ ৯৮ হাজার। ফলে যেকোন সময় বাইডেনকে টপকে যেতে পারেন ট্রাম্প। সেক্ষেত্রে উল্টে যেতে পারে বিশ্লেষকদের বাজির ঘোড়া!
মিশিগান ও উইসকনসিন বাইডেনের সুইং বা দোদুল্যমান বলে পরিচিত মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন জো বাইডেন। ফলে দুই রাজ্যের ২৬টি ইলেকটোরাল ভোট যুক্ত হয়েছে বাইডেনের বাক্সে। এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প সেই ২১৪টি।
