১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। পবিত্র ঈদুল আজহায় প্রতিবছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে। বায়তুল মোকাররমে সকাল থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে।
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাতের ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা এহসানুল হল।
চতুর্থ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী।
পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম।
পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
উল্লেখ্য, আগামী ১০ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
